২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় এক মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১ হাজার ৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সড়কে শিশু প্রাণহানির চিত্র অত্যন্ত উদ্বেগজনক।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহত শিশুদের মধ্যে ৫৩৭ জন বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক অথবা হেলপার হিসেবে দুর্ঘটনার শিকার হয়েছে। অপরদিকে পথচারী হিসেবে যানবাহনের চাপা বা ধাক্কায় প্রাণ হারিয়েছে ৪৭১ শিশু।
সড়কের ধরন অনুযায়ী বিশ্লেষণে দেখা গেছে, মহাসড়কে ২৮১ জন, আঞ্চলিক সড়কে ৩৬৪ জন, গ্রামীণ সড়কে ২৯১ জন এবং শহরের সড়কে ৭২ জন শিশু নিহত হয়েছে।
বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১ মাস থেকে ৫ বছর বয়সী শিশু নিহত হয়েছে ১৭৯ জন, ৬ থেকে ১২ বছর বয়সী ৩৮২ জন এবং ১৩ থেকে ১৭ বছর বয়সী ৪৪৭ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় এবং বসতবাড়ির আশপাশের সড়কে খেলাধুলার সময় শিশুদের দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে গ্রামীণ সড়কে পথচারী হিসেবে শিশু হতাহতের হার সবচেয়ে বেশি, কারণ এসব সড়ক অনেক ক্ষেত্রে সরাসরি বসতবাড়ি ঘেঁষা। কোথাও কোথাও ঘরের দরজা খুললেই সড়ক—এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
এ ধরনের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি না থাকায় যান চলাচল হয়ে ওঠে বেপরোয়া। একই সঙ্গে শিশুরাও সড়ক ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে পর্যাপ্ত সচেতন নয়। এই অব্যবস্থাপনার কারণেই শিশুরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে নিহত বা পঙ্গু হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
