বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের বয়স এখনো ছয় মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই ২৫ সদস্যের বোর্ড থেকে সাতজন পরিচালক পদত্যাগ করেছেন। এর মধ্যে চারজন গতকালের বোর্ড সভার পরই দায়িত্ব ছেড়েছেন। ধারাবাহিক এ পদত্যাগে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
এ অবস্থায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজন হলে সবাই সরে গেলেও তিনি শেষ পর্যন্ত দায়িত্বে থেকে পরিস্থিতি সামাল দিতে চান। একই সঙ্গে তাঁর অভিযোগ, প্রায় ছয় মাস ধরে বোর্ডকে স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হয়নি। বাইরের একটি ‘এক্সটার্নাল ফোর্স’ নিয়মিতভাবে তাদের কাজে বাধা সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি। গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া এই বোর্ড থেকে গতকাল শনিবার পদত্যাগের ঘোষণা দেন ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম। এর আগে পদত্যাগপত্র জমা দেন ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
একের পর এক পরিচালকের পদত্যাগের প্রেক্ষাপটে গতকাল বোর্ড সভা শেষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন আমিনুল ইসলাম। পরিচালক সংখ্যা কমতে কমতে বোর্ড একসময় ‘অলআউট’ হয়ে যেতে পারে—এমন প্রশ্নে হাস্যরসের সুরে তিনি বলেন, ‘একটা চেয়ার নিয়ে বসে থাকব। কী করব?’
পরে তিনি আরও যোগ করেন, ‘যাওয়ার জন্য আমিই থাকব শেষ ব্যক্তি।’ তবে তাঁর নেতৃত্বাধীন বোর্ডের পরিচালকরা কেন পদত্যাগ করেছেন, সে বিষয়ে নিশ্চিত নন বলেও দাবি করেন বিসিবি সভাপতি।
