বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বিএনপি এখন জনগণের সঙ্গে মিলিত হয়ে শক্তিশালী আন্দোলন করছে। যদিও দলটির জোট ও সহযোগী দল রয়েছে, তবুও বিএনপির বলীয়ান শক্তিকে ভয়ে কিছু রাজনৈতিক দল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই প্রোপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।
মির্জা আব্বাস উল্লেখ করেন, গত ১৭ বছরে বিএনপি ক্ষমতার বাইরে থাকায় নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারেননি। এই সময়ে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী নিখোঁজ ও হত্যা হয়েছে। এতকিছুর পরও নির্বাচনের সময় আবারও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
গত সোমবার শাহবাগ থানার ৩৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ এবং বিআইডব্লিউটিসি শ্রমিক দলের আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এরপর মির্জা আব্বাস ২১ নম্বর ওয়ার্ডের বিশ্ব সাহিত্য কেন্দ্র গলিতে গণসংযোগ করেন। বিকেলে বিজয়নগর স্কাউট মার্কেটে নির্বাচনী প্রচার ক্যাম্প উদ্বোধন এবং বিজয়নগর বড় রাস্তায় পিঠা উৎসবে অংশ নেন। রাতে পল্টন কমিউনিটি সেন্টারে বারভিডাসহ পাঁচটি ব্যবসায়িক সমিতির নেতাদের সঙ্গে নির্বাচনী আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
মির্জা আব্বাস ভোটের গুরুত্ব নিয়েও সতর্ক করেছেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জন্য গুরুত্বপূর্ণ, তাই ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, “আমরা অনেক সময় নেতৃত্বের অভাবে পড়লেও দলের নেতৃত্বে কখনো শূন্যতা তৈরি হয়নি। কখনো খালেদা জিয়া, কখনো তারেক রহমান—শূন্যতার সুযোগ দেননি। শহীদ রাষ্ট্রপতি ও খালেদা জিয়ার মতো অবদান রাখবেন তারেক রহমানও, এজন্য নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন।”
