ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় তিনটি ঘরও ভাঙচুরের শিকার হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিমপুর গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুণ বিশ্বাস এর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ব্যবহার করে মারামারি চালায়। এই ঘটনায় ২০ জন আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা কমাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
