ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন দেশটির প্রতিনিধি।
বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং–এর শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সাক্ষাতে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয় এবং প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার ও বাস্তবভিত্তিক সহযোগিতা গভীর করতে চীন প্রস্তুত। নতুন সরকারের সুশাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের অবস্থানের প্রতি চীনের সমর্থন রয়েছে। বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা ও আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ অনুসরণ করবে এবং দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও জোরদার করবে। তিনি আশা প্রকাশ করেন, যৌথ প্রচেষ্টায় চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে।
