You are currently viewing ডেথ ওভারে ৬৮ রান, গোলিয়াথের মতো বিধ্বংসী ডেভিড

ডেথ ওভারে ৬৮ রান, গোলিয়াথের মতো বিধ্বংসী ডেভিড

আইপিএলের আক্রমণাত্মক ব্যাটিংয়েও এতদিন ডেথ ওভারে সর্বোচ্চ রানের সীমা ছিল ৬০। ২০২০ সালের আইপিএলে বেঙ্গালুরুর বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এই কীর্তি গড়েছিলেন লোকেশ রাহুল। তবে এবার সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছে নতুন মাত্রা যোগ করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান টিম ডেভিড। গতকাল বেঙ্গালুরুর হয়ে চেন্নাইয়ের বিপক্ষে ইনিংসের শেষ চার ওভারে তিনি একাই করেন ৬৮ রান।

সাধারণত ১৭ থেকে ২০তম ওভারকে ডেথ ওভার বলা হয়, যেখানে ব্যাটসম্যানরা শুরু থেকেই বড় শট খেলতে চান। একই সময়ে প্রতিপক্ষ দলও তাদের সেরা বোলারদের ব্যবহার করে রান আটকানোর চেষ্টা করে। ডেভিড ব্যাট করতে নামেন ১৫তম ওভারে। শুরুটা অবশ্য ধীর ছিল—প্রথম দুই ওভারে পাঁচ বলে করেন মাত্র ২ রান।

এরপর ১৭তম ওভারে নুর আহমেদকে টানা তিন ছক্কা মেরে ছন্দে ফেরেন তিনি। সেখান থেকেই শুরু হয় ঝড়। ১৯তম ওভারে জেমি ওভারটনের এক ওভার থেকেই তুলে নেন ৩০ রান, যেখানে ছিল টানা তিনটি ছক্কা। শেষ বলেও চার মেরে ইনিংস শেষ করেন ডেভিড। ২৫ বলে ৭০ রানের ইনিংসে তার ৬৮ রানই এসেছে ডেথ ওভার থেকে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে এর চেয়ে বড় ইনিংস খুব কমই আছে। ২০১২ সালে কাউন্টি ক্রিকেটে গ্লুস্টারশায়ারের বিপক্ষে সাসেক্সের হয়ে স্কট স্টাইরিস করেছিলেন ৭৩ রান। ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের সিকান্দার রাজা করেন ৭০ রান। আর ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ডলফিন-টাইটানস ম্যাচে ডেভিড মিলারের সংগ্রহ ছিল ৬৯ রান।

Leave a Reply