You are currently viewing প্রার্থী প্রত্যাহারের পর নির্বাচনে লড়ছেন ১,৯৬৭ জন, সরে দাঁড়ালেন ৩০৫ জন

প্রার্থী প্রত্যাহারের পর নির্বাচনে লড়ছেন ১,৯৬৭ জন, সরে দাঁড়ালেন ৩০৫ জন

লড়াইয়ে থাকছেন ১,৯৬৭ প্রার্থী, প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩০৫ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০৫ জন প্রার্থী স্বেচ্ছায় তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এখন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৯৮টি আসনে (পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে) মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬৩৯ জন আপিল করেন, যার মধ্যে ৪৩১ জন আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামীকাল ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, যা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।

এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৯ ডিসেম্বর।

Leave a Reply