You are currently viewing ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে চাপ নেই, সময়সীমা নির্ধারণ করেনি আইসিসি

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে চাপ নেই, সময়সীমা নির্ধারণ করেনি আইসিসি


ভারতে নয় তো বিশ্বকাপই নয়? বাংলাদেশকে নিয়ে অনিশ্চয়তায় টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে প্রশ্নের ধরনটাই বদলে গেছে। আগে আলোচনার বিষয় ছিল—বাংলাদেশ দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি না। এখন সেই প্রশ্ন রূপ নিয়েছে আরও গভীর অনিশ্চয়তায়—বাংলাদেশ আদৌ বিশ্বকাপে থাকবে কি না!

এই অনিশ্চয়তা তৈরি হয় আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও বার্তা সংস্থা এএফপি–এর এক প্রতিবেদনের পর। সেখানে বলা হয়, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে কি না—সে বিষয়ে আগামী বুধবারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এমনকি প্রতিবেদনে আইসিসির একটি সূত্রের বরাতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ভারতে খেলতে না গেলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে

খবরটি প্রকাশের পর ক্রিকেট অঙ্গনে দিনভর চলে ব্যাপক আলোচনা। তবে বিকেলের দিকেই ওই প্রতিবেদন নাকচ করে দেয় বিসিবি। বোর্ডের দাবি, আইসিসির সূত্রের বরাতে প্রকাশিত খবরটি সঠিক নয় এবং বিশ্বকাপ নিয়ে কোনো সময়সীমা নির্ধারণ করেনি আইসিসি

বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান, আইসিসির প্রতিনিধিরা বিসিবির সঙ্গে বৈঠকের পর বলেছেন, তারা বিষয়টি আইসিসিতে জানাবেন এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তিনি বলেন,
“ওনারা কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সীমার কথা বলেননি। শুধু জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপের সময় আমাদের জানিয়ে দেওয়া হবে।”

তবে এই সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরের সুযোগ ছিল না। এক মিনিটেরও কম সময়ের মধ্যে বক্তব্য শেষ করে চলে যান আমজাদ হোসেন। বিসিবি সংশ্লিষ্ট কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে রাজি নন।

বিসিবির অভ্যন্তরীণ সূত্র জানায়, বাস্তবে বোর্ডকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। কারণ, নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে যাওয়ার সিদ্ধান্তে বিসিবি এখনও অনড়। শুরুতে আইসিসি অনলাইন বৈঠকের মাধ্যমে বিসিবিকে ভারতে খেলতে রাজি করানোর চেষ্টা করে। পরে শুক্রবার আইসিসি একজন প্রতিনিধিকে ঢাকায় পাঠায়। অনলাইন ও সরাসরি—দুটি বৈঠকেই বিসিবি তাদের একই অবস্থান তুলে ধরে।

গত শনিবারের বৈঠকের পর বিসিবির পক্ষ থেকে নতুন করে আর কিছু জানানোর ছিল না। এখন সিদ্ধান্ত পুরোপুরি আইসিসির ওপর—বাংলাদেশের ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরানো সম্ভব কি না। সেটি সম্ভব না হলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়বে।

এই টানাপোড়েনে বিসিবির শীর্ষ পর্যায়ে হতাশা বাড়ছে। শনিবারের বৈঠকেই গ্রুপ পরিবর্তনের একটি প্রস্তাব দেয় বিসিবি। প্রস্তাব অনুযায়ী, ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশকে সরিয়ে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের জায়গায় নেওয়ার কথা বলা হয়। তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এতে রাজি হয়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে যোগাযোগ করেও ইতিবাচক সাড়া পাননি।

সবশেষে বাংলাদেশের আশার জায়গা হয়ে ওঠে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিভিন্ন সূত্র জানিয়েছে, পিসিবি বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানো না হলে টুর্নামেন্ট বর্জনের কথাও ভাবতে পারে। তবে পাকিস্তান শেষ পর্যন্ত সেই অবস্থানে অনড় থাকবে কি না—তা এখনও নিশ্চিত নয়।

সব মিলিয়ে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো ঘোর অনিশ্চয়তার মধ্যেই রয়েছে

Leave a Reply