নির্বাচনে ভোট দেওয়ার পরও ভোট চুরি হতে পারে— এমন আশঙ্কার কথা জানিয়ে ভোটের ফলাফল নিশ্চিত না করে কেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
গণভোটের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তারা আশা করছেন ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হবে। ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ জিতবে এবং জুলাই বাস্তবায়িত হবে। পাশাপাশি আবরার থেকে শুরু করে শরিফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ১১ দলীয় জোট বরাবরই সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। অতীতের রাজনীতির কারণে জাতি ভুক্তভোগী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে বাংলাদেশ বর্তমান অবস্থা থেকে অনেক দূর এগিয়ে যাবে।
তরুণদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের যুবসমাজ কাজ চায়, কারও দয়া নয়। তারা নিজেরাই দেশ গড়ার অংশীদার হতে চায়। তরুণদের হাতে কাজ তুলে দিয়ে বাংলাদেশ গড়ার দায়িত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
২০০৮ সালের পর দেশে গণরায়ের সঠিক প্রতিফলন হয়নি দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে এবার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। যাদের ভোট গ্রামে, তারা নাড়ির টানে গ্রামে ফিরে যাচ্ছে এবং উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে। গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ নতুন রাজনৈতিক ধারায় অগ্রসর হবে এবং মানুষের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলে জনগণের ভালোবাসা ও সম্মান পাওয়া যাবে। অতীতের মতো কোনো পক্ষপাতিত্ব যেন না হয়— এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
