জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দেশ ও জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও কাউকে ছেড়ে যাবেন না। তিনি স্পষ্ট করে বলেন, এ দেশ ও দেশের মানুষকে ফেলে কোথাও চলে যাওয়ার প্রশ্নই ওঠে না।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, ১৩ তারিখের পর মানুষ একটি দৃশ্যমান পরিবর্তন প্রত্যাশা করছে। সেই পরিবর্তন আসবে যুবসমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষা এবং মা-বোনদের আশা-ভরসার ওপর ভিত্তি করেই। তিনি আরও বলেন, জনগণ আর কোনো আধিপত্যবাদ কিংবা দখলদার রাজনীতি দেখতে চায় না।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মায়েদের গায়ে হাত দেওয়া হলে জামায়াতে ইসলামী নীরব দর্শক হয়ে বসে থাকবে—এমনটা কেউ যেন ভাব না করে। এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে বা ইমাম-খতিবদের বের করে দেওয়া হবে—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এসব অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সমাবেশে জামায়াত আমির আরও বলেন, তারা এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চান যেখানে সবাই নিরাপদে বসবাস করতে পারবে। চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, প্রথমে সতর্ক করা হবে এবং সংশোধনের সুযোগ দেওয়া হবে; কিন্তু কেউ সংশোধন না হলে তাকে কঠোর মূল্য দিতে হবে।
