You are currently viewing ভোট আর দখল নয়: ‘আমার ভোট আমি দেবো’ বার্তা

ভোট আর দখল নয়: ‘আমার ভোট আমি দেবো’ বার্তা

ছলে-বলে বা কৌশলে যেভাবেই হোক জিততেই হবে—এমন মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই বক্তব্য দেন।

জামায়াত আমির বলেন, “‘আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো’—এই দিন শেষ। চব্বিশের যুবকেরা ঘুমিয়ে নেই, তারা জেগে আছে। তারা যেমন নিজের ভোটের পাহারা দেবে, তেমনি অন্যের ভোটও রক্ষা করবে। কোনো দুর্বৃত্ত আর কারও ভোটে হাত দিতে পারবে না।”

তিনি বলেন, যারা দীর্ঘদিন জনগণের ভাগ্য ‘হাইজ্যাক’ করেছে, তাদের আর সুযোগ দেওয়ার সময় নেই। “চব্বিশের তরুণরা পরিবর্তন চেয়েছে। ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে সেই পরিবর্তনের সূচনা হবে,” বলেন ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে দেশকে একটি ফুলের বাগানের মতো করে গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী।

ভোট প্রার্থনা করে জামায়াত আমির বলেন, “চাঁদাবাজি, মামলাবাজি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের পবিত্র আমানত ভোট আমাদের দিন। আমরা কথা দিচ্ছি, সবকিছু দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেবো।” তিনি জানান, যুবকদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে এবং যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। “বেকার ভাতা নয়, মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজের সুযোগ তৈরি করা হবে,” বলেন তিনি।

প্রশাসনের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন। জাতি আপনাদের জন্য দোয়া করবে। আঠারো কোটি মানুষ আপনাদের পাশে থাকবে। কারও ডান-বাম কথা শুনবেন না।” তিনি আরও বলেন, জামায়াত কোনো বিশেষ আনুকূল্য চায় না, তবে অন্যায়ভাবে ক্ষতি করার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না।

Leave a Reply