ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, তার এই অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিদেশে নেওয়ার পরিকল্পনা স্থগিত করে দেশেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সন্ধ্যার আগেই প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
এরপর সন্ধ্যার পর আবারও দ্বিতীয় দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড তাকে বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে অবহিত করে।
মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন।
এর আগে গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির এই নেতার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
