নাহিদ ইসলাম: আহসান এইচ মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করেছে বিএনপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরিয়ে আর্থিক খাতের লুটপাটের সুযোগ তৈরি করেছে। গণঅভ্যুত্থানের পর দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছিল।
নাহিদ ইসলাম বলেন, আহসান এইচ মনসুর দায়িত্ব গ্রহণের পর ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করেন। তিনি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বয় করে পাচারকৃত অর্থ ফেরত আনার চেষ্টা চালান এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থপাচার বন্ধের উদ্যোগ নেন। এছাড়া তিনি কেন্দ্রীয় ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বায়ত্তশাসন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছিলেন, যা বাস্তবায়িত হলে সরকার দলীয় হস্তক্ষেপ বন্ধ করা সম্ভব হতো।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, আহসান এইচ মনসুর সরানোর মাধ্যমে সুবিধাভোগী গোষ্ঠীর লুটপাটের পথ আবারও উন্মুক্ত করা হয়েছে। বিএনপি-আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকে হঠকারি কর্মকাণ্ড চালাচ্ছেন এবং গভর্নরের উপদেষ্টাকে শারীরিক হেনস্তা করে ব্যাংক থেকে বের করা হয়েছে। তিনি উল্লেখ করেন, নতুন গভর্নর একজন বিতর্কিত ঋণ খেলাপি ব্যবসায়ী, যা দেশের সর্বোচ্চ ব্যাংক ও আর্থিক খাতের নিরাপত্তার জন্য হুমকি।
নাহিদ ইসলাম তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারের এমন অগণতান্ত্রিক পদক্ষেপ দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি দেশের অর্থনৈতিক খাতকে সুরক্ষিত করতে অভিজ্ঞ ও দক্ষ অর্থনীতিবিদকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে রাখার দাবি জানান।
