বিএনপি ক্ষমতায় এসে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দিয়েছে। ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দ্রুত নির্বাচন হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। এমন পরিস্থিতিতেই পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্য দলগুলো যখন এ বিষয়ে তৎপর নয়, তখন নতুন এই দলের আগাম প্রার্থী ঘোষণা রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে।
সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলার মধ্যেই সিটি নির্বাচন ঘিরে আগেভাগে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। দলটির নেতারা বলছেন, মূল উদ্দেশ্য হলো আগাম প্রস্তুতি নেওয়া। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করানো এবং তাঁদের ঘিরে স্থানীয় সংগঠন শক্তিশালী করার কৌশলও এতে রয়েছে।
এনসিপি ইতিমধ্যে ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীব, রাজশাহীতে মোবাশ্বের আলী, সিলেটে আবদুর রহমান আফজাল এবং কুমিল্লায় তারিকুল ইসলামকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
দলটির শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামী বিভিন্ন আসনে আগেভাগেই প্রার্থী ঘোষণা করেছিল। এতে প্রার্থীদের ঘিরে জনসংযোগ বাড়ানো এবং সংগঠন শক্তিশালী করা সম্ভব হয়, যার ইতিবাচক প্রভাব নির্বাচনের ফলাফলেও দেখা যায়। সেই অভিজ্ঞতা থেকেই এনসিপি একই কৌশল অনুসরণ করছে।
গত ২৯ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণসহ পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করে এনসিপি। দলটির নেতারা জানিয়েছেন, বাকি সাতটি সিটি করপোরেশনের প্রার্থীর নামও শিগগির ঘোষণা করা হবে। পাশাপাশি উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য চলতি এপ্রিলের মধ্যেই প্রার্থী ঘোষণা করার ইঙ্গিত দিয়েছে দলটি।
