You are currently viewing র‍্যাব এখন ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’—ঘোষণা

র‍্যাব এখন ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’—ঘোষণা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে র‍্যাব নতুন নামেই পরিচিতি পাবে। তবে আনুষ্ঠানিক আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, নাম পরিবর্তনের পাশাপাশি বিশেষায়িত এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক তৈরির কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহেই নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যেতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, গত দেড় বছরে র‍্যাবের কার্যক্রম ও কাজের মানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের প্রতিফলন হিসেবেই বাহিনীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, অনেকের কাছেই ‘র‍্যাব’ নামটি নেতিবাচক হিসেবে বিবেচিত হতো, যা নাম পরিবর্তনের একটি কারণ।

এদিকে ব্রিফিংয়ে নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হবে এবং এ নিয়ে কারও সন্দেহের অবকাশ নেই।

তিনি আরও জানান, পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে, ফলে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই।

Leave a Reply