You are currently viewing ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

ঢাকা, ১২ ফেব্রুয়ারি — ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তার দলের পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বা কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

তাসনিম জারা বলেন, “বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত দেওয়া হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে এজেন্টদের বলা হচ্ছে—তারা ওই এলাকার ভোটার নন। “অথচ এমন কোনো নিয়ম নেই যে, পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে,” দাবি করেন তিনি।

আরও অভিযোগ করে তাসনিম জারা বলেন, “পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট বলে বের করে দেওয়া হচ্ছে। আবার কোথাও বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ নিয়ম অনুযায়ী ফোন সঙ্গে রাখা যাবে, তবে ব্যবহার করা যাবে না। তাহলে এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয়?”

তিনি জানান, বিষয়টি নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে জানতে চাইলে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।

“আমি চাই, সুষ্ঠুভাবে নির্বাচন হোক। পোলিং এজেন্টদের বের করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,” যোগ করেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে তাসনিম জারার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। এই দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Leave a Reply