You are currently viewing চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক দুর্ঘটনা: ২ জনের মৃত্যু, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক দুর্ঘটনা: ২ জনের মৃত্যু, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে একটি বসতবাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুই ব্যক্তি মারা যান। আহতদের মধ্যে রয়েছেন বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০)।

পুলিশ জানায়, ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মো. কালামের বাড়িতে কয়েকজন ব্যক্তি ককটেল প্রস্তুত করছিলেন। এ সময় বিস্ফোরণ হলে হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতদের দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহতরা ককটেল তৈরির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply