আইডিয়াল কলেজের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের দুই রাউন্ড টিয়ারশেল ছোড়ার পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সরে যেতে দেখা যায় এবং কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করে।
জানা গেছে, গত দুই দিনে ঢাকা কলেজের অন্তত সাতজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী চায়নিজ কুড়ালসহ ধারালো অস্ত্র ব্যবহার করে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এসব ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
