রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা–১২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলনের নির্বাচনী সমাবেশে জনতার ঢল নেমেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নির্ধারিত সময় থাকলেও তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দিচ্ছেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা ইতোমধ্যে বক্তব্য দিচ্ছেন।
কিছুক্ষণ আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও সকাল থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত রয়েছে পুরো এলাকা।
সমাবেশে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’, ‘গোলামি না আজাদি—আজাদি, আজাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘শেরপুরে খুন কেন—প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দেওয়া হচ্ছে। এ সময় সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামি সংগীত ও নির্বাচনী নাটিকা পরিবেশন করছেন।
