You are currently viewing মানিকগঞ্জে চুরি অভিযোগে গণপিটুনির ঘটনায় নিহত ২

মানিকগঞ্জে চুরি অভিযোগে গণপিটুনির ঘটনায় নিহত ২

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) এবং ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ২টার দিকে মজনু ও দ্বীন ইসলাম ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। গোয়ালঘরের তালা ভাঙার শব্দে বাড়ির লোকজন জেগে ওঠে এবং চোর সন্দেহে ধাওয়া শুরু করে। পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাদের ধরে ফেলে। পরে উত্তেজিত জনতার মারধরে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে দুজনকে ঢাকায় নেওয়া হলে সোমবার ভোর ৬টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ওসি মাজহারুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply