ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ফক্স নিউজের উপস্থাপক গ্রিফ জেনকিন্সের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, মাদুরো দম্পতি বর্তমানে নিউইয়র্কের পথে রয়েছেন। তিনি বলেন, তাদের প্রথমে ইউএসএস ইও জিমা নামের একটি মার্কিন যুদ্ধজাহাজে নেওয়া হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে তাদের সরিয়ে আনা হয়।
ট্রাম্প দাবি করেন, মাদুরো ও তার স্ত্রী বহু মানুষের হত্যার সঙ্গে জড়িত। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরুর আগে ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছেড়ে আত্মসমর্পণের সুযোগ দিয়েছিলেন।
ট্রাম্প আরও বলেন, এক সপ্তাহ আগে তিনি নিজে মাদুরোর সঙ্গে কথা বলেন এবং তাকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী।
