You are currently viewing বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির কাছে পিসিবির আবেদন

বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির কাছে পিসিবির আবেদন

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে চিঠি পিসিবির, বিসিবির অবস্থানের প্রতি সমর্থন

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে চলমান অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পিসিবি।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবির পাঠানো চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানোয় বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ বুধবার আইসিসি বোর্ড সভা ডেকেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পিসিবির চিঠির কারণেই এই সভা ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পিসিবির চিঠি পাঠানোর সময় নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ধারণা করা হচ্ছে, এতে আইসিসির অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি সূচি পরিবর্তন বা বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে। গত সপ্তাহে বিসিবির সঙ্গে বৈঠকেও আইসিসি একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ সরকারের সমর্থন নিয়ে বিসিবি স্পষ্ট জানিয়েছে, গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে ভারতে পাঠানো হবে না। এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বৈঠকটি হয় গত সপ্তাহান্তে ঢাকায়। তবে কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসেনি। আইসিসি নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজন করতে চাইলেও বিসিবি জানিয়েছে, তারা ভারতে দল পাঠাতে রাজি নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি এবং বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তারাও বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। তবে এ বিষয়ে পিসিবি প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এবং ইএসপিএনক্রিকইনফোর প্রশ্নেরও জবাব দেয়নি।

এদিকে ৩ জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়। কেন তাকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অবনতিকে এই সিদ্ধান্তের একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনার পর বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না।

Leave a Reply