You are currently viewing নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলা, প্রাণ গেল মৎস্যজীবী লীগ নেতার

নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলা, প্রাণ গেল মৎস্যজীবী লীগ নেতার

নরসিংদীর শিবপুর উপজেলায় ব্যক্তিগত বিরোধের জেরে মৎস্যজীবী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির সামনে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

নিহত মো. শরীফুল ইসলাম (২৫) শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক এলাকার বাসিন্দা। তিনি যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শরীফুল ইসলামের সঙ্গে তাঁর চাচাতো ভাই শাকিল মিয়ার (২৩) দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ চলছিল। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবার কিছু জানাতে পারেনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শাকিল মিয়া উত্তেজিত অবস্থায় শরীফুলের বাড়িতে গিয়ে ধারালো দা দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শরীফুল। ঘটনার পর হামলাকারী শাকিল মিয়া পালিয়ে যান।

পরিবারের সদস্যরা দ্রুত শরীফুলকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাকিল মিয়া পলাতক রয়েছে। ঢাকা থেকে মরদেহ নরসিংদীতে আনার পর সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply