নাটোরের সিংড়া উপজেলায় এক শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনার পর বিক্ষুব্ধদের দেওয়া আগুনে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, এর আগে বুধবার রাত আনুমানিক ১১টার দিকে একই এলাকার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিমকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের প্রায় দেড় ঘণ্টা পর কুমারপাড়া এলাকায় হাশেম আলীর ছেলে ওহাবের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন।
স্থানীয়দের বরাতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, আগুন দেওয়ার সময় বাড়ির অন্য সদস্যরা নিরাপদে সরে যেতে পারলেও ওহাবের বৃদ্ধা মা ঘর থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে প্রাণ হারান।
এলাকাবাসী জানায়, হত্যাকাণ্ডের রাতে তিন থেকে চারটি মোটরসাইকেলে করে একদল সন্ত্রাসী অধ্যাপক রেজাউল করিমের বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করে। তিনি বাইরে বের হলে বাড়ির সামনেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবেই শিক্ষক রেজাউলকে বাড়ির সামনে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় তদন্ত শেষে জানানো হবে।
