You are currently viewing ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণে শিশু ভর্তি বেড়েছে

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণে শিশু ভর্তি বেড়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৯ শিশু।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সময়ে হামের লক্ষণ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট ১৭২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৭৯ শিশুর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিচ্ছিন্নভাবে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ১২৯ শিশুর নমুনা সংগ্রহ করে জাতীয় পোলিও ও হাম ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৭টির ফল পাওয়া গেছে এবং ৪৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হামে আক্রান্ত শিশুদের জন্য ৬৪ শয্যার আলাদা আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে। তবে নির্ধারিত শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি থাকায় বর্তমানে ৭৯ শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে, যা হাসপাতালের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

Leave a Reply