এনসিপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় এলডিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার ঘটনাতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।
সোমবার এলডিপির পক্ষ থেকে নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, রোববার ছয়টি জেলায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এর পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি এলাকায় এবং সোমবার সকালে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপরও হামলা চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বাচনী মর্যাদা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য প্রার্থীদের ওপর এই ধরনের সহিংসতা মেনে নেয়া যায় না। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
