রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) বাসগুলো থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে—এমন অভিযোগ তুলে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিআরটিসির কোনো বাসই দূষণমুক্ত নয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, বিআরটিসির সব বাস থেকেই কালো ধোঁয়া বের হচ্ছে—এ কথা তিনি দায়িত্ব নিয়ে বলতে পারেন। প্রশ্ন তুলে তিনি বলেন, এসব যানবাহনের দূষণ কি নিয়ন্ত্রণে আনা যেত না? সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে অন্তত পরিস্থিতি অনেকটাই উন্নত করা সম্ভব ছিল বলে মন্তব্য করেন তিনি।
স্ক্র্যাপ পলিসি বাস্তবায়নে দীর্ঘসূত্রতার বিষয়েও আক্ষেপ প্রকাশ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, গত ১০ মাস ধরে এ নীতিমালা চূড়ান্ত করার জন্য বারবার তাগিদ দেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি। তাঁর ভাষায়, দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।
তিনি আরও বলেন, পুরোনো বাসগুলো একদিনে সড়ক থেকে সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে না, তবে নিয়মিত মেইনটেন্যান্স করা হলেও দূষণ অনেকাংশে কমানো যেত। ৫৪ বছর পার হয়ে যাওয়ার পরও যদি এ খাতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আর সময় চাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে চালকদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করে পরিবেশ উপদেষ্টা বলেন, অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করলে শুধু শব্দদূষণই নয়, দুর্ঘটনাও কমবে। গাড়ি চালানো ক্ষমতা প্রদর্শনের জায়গা নয় উল্লেখ করে তিনি বলেন, সচেতন চালনাই পারে মানুষের ভোগান্তি কমাতে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পরিবহন খাতের প্রতিনিধি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
