আসন্ন নির্বাচনের আগে রাজশাহী বিভাগের চার জেলায় আজ নির্বাচনী জনসভা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরের অংশ হিসেবে তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনের শুরুতে নওগাঁ সফরে যাবেন জামায়াত আমির। বেলা ১১টার দিকে শহরের এটিএম মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেবেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের জনসভায় অংশ নেবেন তিনি।
পরবর্তী কর্মসূচিতে দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। এসব জনসভায় জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দিনের শেষ ভাগে তিনি নাটোরে যাবেন। সন্ধ্যায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার পর রাতে নাটোরেই অবস্থান করবেন জামায়াত আমির। পরদিন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তিনি বরিশালে অনুষ্ঠিতব্য জনসভায় অংশ নেবেন।
