ফেনীতে মঞ্জু: পুলিশ নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এখনও ফ্যাসিবাদের তাঁবেদারি করছে
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী সদর-২ আসনের জামায়াত জোট প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, হাদি হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশ ও প্রতিবাদে পুলিশ যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তা আমরা ধিক্কার জানাই।
তিনি বলেন, “যে পুলিশ ওসমান হাদিকে হত্যার সময় কোনো নিরাপত্তা দিতে পারেনি, হাদির খুনিরা কোথায় আছে তা নির্ধারণ করতে পারেনি, দিনের বেলাতেও খুনিদের ধরতে পারেনি, তারা শুধু নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এখনো ফ্যাসিবাদের তাঁবেদারি করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ফেনী শহরের পাইলট মাঠে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত ঈগল প্রতীক ও গণভোটে হ্যাঁ-এর সমর্থনে তরুণদের সাইকেল যাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঞ্জু আরও বলেন, “তরুণরাই রাষ্ট্র বদলাবে, নতুন দেশ গড়ে তুলবে। তারা পুরনো গ্লানি মুছে দিয়ে লড়াই করবে। তরুণরা আজাদির লড়াই করেছে—৪৭-এ, ৭১-এ, ১৯৯০-এ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে। এর মাধ্যমে প্রমাণিত, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাকসু জিএস সাঈদ বিন হাবীব ও কুমিল্লার বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম। এছাড়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, শিবিরের সাবেক শহর সভাপতি তারেক মাহমুদ ও মইনুল ইসলাম জুবায়েরসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
