ঢাকা, ১২ ফেব্রুয়ারি — চলমান জাতীয় নির্বাচনে দেশবাসীকে নির্ভয়ে ও উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, দেশে বর্তমানে ভোটের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সেনাপ্রধান। ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।
সেনাপ্রধান বলেন, “ভোটের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন।”
তিনি আরও বলেন, “জাতির জীবনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সবার অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। আমরা আশা করছি, ইনশাল্লাহ একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে পারব।”
জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মাঠে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
গণমাধ্যমকর্মীদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, “যারা ভোট দিতে পারছেন না, বিশেষ করে মিডিয়ার লোকজন—আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছেন। এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।
