সংরক্ষিত নারী আসন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জামায়াতে ইসলামীর
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
‘ভুয়া নাম ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি’
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে ভুয়া নাম প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, দলের শীর্ষ নেতাদের স্ত্রী বা নিকটাত্মীয়রা মনোনয়ন পাচ্ছেন—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
দলটির দাবি, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়ন
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত সংগঠন। সংরক্ষিত নারী আসনের মনোনয়নসহ সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হয়। এখানে আত্মীয়তা বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।
দলটি জানায়, নারী সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ গঠনতান্ত্রিক পদ্ধতিতে এবং মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশবাসীকেও এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
