তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধাভিত্তিক, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে মেধানির্ভর, দক্ষ এবং জনবান্ধব জনপ্রশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি বিয়াম ফাউন্ডেশনের অবদানের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে যে সরকার সবসময়ই দক্ষ ও প্রশিক্ষিত প্রশাসন গড়ে তুলতে গুরুত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে এবং জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর জোর দেওয়া জরুরি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
