You are currently viewing শুল্কমুক্ত নয়, এমপিদের জন্য ডিসি–ইউএনওদের মতো গাড়ির কথা বলেছেন হাসনাত

শুল্কমুক্ত নয়, এমপিদের জন্য ডিসি–ইউএনওদের মতো গাড়ির কথা বলেছেন হাসনাত

সংসদ সদস্যদের (এমপি) গাড়ি সুবিধা নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লাহ। বুধবার জাতীয় সংসদে ‘ব্যক্তিগত কৈফিয়ত’ দিতে গিয়ে তিনি এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন।

তিনি বলেন, এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিকে তিনি সমর্থন করেন। পাশাপাশি তিনি প্রস্তাব করেছিলেন যে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি ও ইউএনওদের মতো সরকারি প্রক্রিয়ায় সংসদ সদস্যদেরও গাড়ি ব্যবহারের সুযোগ থাকা উচিত। তবে এটি কোনোভাবেই শুল্কমুক্ত গাড়ি চাওয়ার দাবি ছিল না বলে তিনি জানান।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি মেইনটেন্যান্সের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়, কিন্তু অনেকের নিজস্ব গাড়ি নেই। তাই তিনি বলেছিলেন, সরকারি মালিকানাধীন গাড়ি এমপিরা দায়িত্বকালীন সময় ব্যবহার করবেন এবং মেয়াদ শেষে সেটি সরকারকে ফেরত দেওয়া হবে। এতে অতিরিক্ত কোনো খরচও হবে না।

তিনি অভিযোগ করেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে গণমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

স্পিকার এ সময় উল্লেখ করেন, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে এবং এ সিদ্ধান্তকে দেশবাসীও স্বাগত জানিয়েছে।

Leave a Reply