ভোট-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ তুলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, দেশের বিভিন্ন স্থান থেকে একটি বিশেষ দলের উশৃঙ্খল আচরণ, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ আসে।
জামায়াত আমির বলেন, ন্যায় ও সত্যের পথে থেকে তারা অটল থাকবেন এবং কোনো অপশক্তির কাছে মাথা নত করবেন না। যেখানে অন্যায় ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সহকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোই মানবতা, আল্লাহপ্রেম ও দেশপ্রেমের দাবি। এই দায়িত্ব পালনে কোনো ধরনের দুর্বলতা দেখানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে দেশবাসীর জন্য দোয়া কামনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা।
