রুমিন ফারহানা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন। বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র-এর রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে চুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আলোচনায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কারের প্রসঙ্গ উঠে আসে।
রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, মার্কিন পক্ষ জানিয়েছে—বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির তুলনায় আমদানি কম হওয়ায় বড় ধরনের বাণিজ্যঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কমানোর লক্ষ্যেই বাণিজ্যচুক্তি করা হয়েছে বলে তারা দাবি করেছে।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তখন দেশের সুশীল সমাজ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আপত্তি জানিয়েছিল। তাদের মতে, অনির্বাচিত সরকারের এমন চুক্তি করা উচিত ছিল না এবং নির্বাচিত সরকারের মাধ্যমে এটি সম্পন্ন হওয়া প্রয়োজন ছিল।
রুমিন ফারহানা অভিযোগ করেন, এসব আপত্তি উপেক্ষা করেই গত ৯ ফেব্রুয়ারি চুক্তিটি স্বাক্ষর করা হয়। তাই এখন এই চুক্তির শর্তাবলি ও প্রভাব নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
