মার্চের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে ফ্রান্স। স্পেন ও আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে দিদিয়ের দেশমের দল।
২০১৮ সালের সেপ্টেম্বরের পর দীর্ঘ সময় পর আবারও এক নম্বরে উঠেছে ফ্রান্স। তবে এই অর্জন আনন্দের পাশাপাশি কিছুটা দুশ্চিন্তার কারণও হতে পারে। কারণ, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখে বিশ্বকাপে যাওয়া কোনো দলই এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি।
মার্চের আন্তর্জাতিক বিরতির আগে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল স্পেন। কিন্তু মিসরের বিপক্ষে গোলশূন্য ড্র করায় তারা এক ধাপ নেমে দুইয়ে চলে যায়। অন্যদিকে মৌরিতানিয়াকে ২-১ ও জাম্বিয়াকে ৫-০ গোলে হারালেও আর্জেন্টিনা নেমে গেছে তিন নম্বরে। তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেলায় পয়েন্ট বাড়েনি বলেই এই অবস্থান পরিবর্তন হয়েছে।
ব্রাজিল এক ধাপ পিছিয়ে ছয়ে নেমেছে। ফ্রান্সের কাছে হারের পর তারা ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারালেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি। পর্তুগাল উঠে এসেছে পাঁচ নম্বরে।
ফিফা র্যাঙ্কিং চালু হয় ১৯৯২ সালে। এরপর থেকে দেখা গেছে, শীর্ষস্থান নিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দলই শিরোপা জিততে পারেনি। ১৯৯৪ বিশ্বকাপে জার্মানি এক নম্বর দল হিসেবে খেললেও চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপের আগে শীর্ষে ছিল ব্রাজিল, কিন্তু সে বছর শিরোপা জেতে ফ্রান্স।
২০০২ বিশ্বকাপে শীর্ষ দল হিসেবে অংশ নিয়ে ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, আর চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে শীর্ষস্থান নিয়ে অংশ নেওয়া ব্রাজিলও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয় ইতালি, আর ২০১০ সালে শিরোপা জেতে স্পেন।
