‘লাক্স সুপারস্টার ২০২৫’ কে হচ্ছেন—উপস্থাপক সৌমিক আহমেদের এই প্রশ্নে দর্শকদের কণ্ঠে একটাই নাম শোনা গেল, বর্ণিতা। শেষ পর্যন্ত রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতাই জিতে নিলেন প্রতিযোগিতার মুকুট। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। আনন্দাশ্রু সামলাতে পারেননি বর্ণিতা। পাশে থাকা তিস্তা ও ইয়ুমনা তাঁকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। শুভেচ্ছা জানান অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও। মুহূর্তেই মঞ্চের আলো নিজের দিকে টেনে নেন বর্ণিতা, দর্শকদের করতালিতে ভেসে যান তিনি।
শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো আয়োজনে তাঁর হাতে স্বরোভস্কি ক্রিস্টালের ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পাশাপাশি পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয় একটি বিলাসবহুল গাড়ির চাবি।
