You are currently viewing আপনজনের অভিযোগে বন্ধ হয়ে গেল ফেসবুক পেজ

আপনজনের অভিযোগে বন্ধ হয়ে গেল ফেসবুক পেজ

সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় এসেছেন অভিনেতা ফারুক আহমেদ। সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, তাঁর আগের ফেসবুক পেজ বন্ধ হওয়ার পেছনে দায়ী ছিলেন তাঁর পরিচিত কিছু মানুষ। তাঁদের ‘কাছের মানুষ’ উল্লেখ করে তিনি বলেন, “আমার কাছের মানুষই শত্রু হয়ে অভিযোগ দিয়ে ফেসবুক পেজ বন্ধ করেছে।”

পোস্টে এই অভিনেতা জানান, প্রায় দেড় বছর আগে একটি অভিযোগের ভিত্তিতে হঠাৎ করেই তাঁর ফেসবুক পেজ, যেখানে প্রায় ৬ লাখ অনুসারী ছিল, এবং ব্যক্তিগত আইডি, যেখানে ৩ লাখ অনুসারী ছিল, বন্ধ হয়ে যায়। বিষয়টি তাঁকে বিস্মিত করে। তিনি বলেন, “বছর দেড়েক আগে আমার ফেসবুক প্রোফাইল ও পেজ আমার পরিচিত একজন অভিযোগ করে বন্ধ করে দেন। তিনি ছিলেন আমার খুব ঘনিষ্ঠ।”

ফারুক আহমেদ আরও জানান, পরে তিনি জানতে পারেন কারা অভিযোগ করেছিলেন এবং কেন করেছিলেন। তবে তিনি এ নিয়ে কখনো কোনো প্রতিক্রিয়া দেখাননি। তাঁর ভাষায়, “আমি তাঁদের কিছু বলিনি, এমনকি বুঝতেও দিইনি। তাঁরা ছিলেন আমারই কাছের মানুষ। মানুষকে চেনা আসলে কঠিন—আমি তা বুঝেছি। কেন তাঁরা আমার ক্ষতি করেছেন, সেটাও উপলব্ধি করেছি।”

পরবর্তীতে নতুন করে আবার ফেসবুকে সক্রিয় হন এই অভিনেতা। নতুন যাত্রায় অল্প সময়েই তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন বিপুলসংখ্যক ভক্ত। তিনি বলেন, “ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ফেসবুক এখন গুরুত্বপূর্ণ মাধ্যম। পুরোনো পেজ উদ্ধার করতে না পেরে নতুন প্রোফাইল খুলেছি। আমার বিশ্বাস ছিল, দেশের মানুষ আমাকে ভালোবাসেন। কয়েক মাসের মধ্যেই আজ সকাল পর্যন্ত আমার নতুন প্রোফাইলে প্রায় আড়াই লাখ অনুসারী যুক্ত হয়েছেন।”

Leave a Reply