রাজধানীর ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবকের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং জুলাই হত্যা মামলার সাক্ষী বলে জানা গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে বসিলার একটি চায়ের দোকানে অবস্থানকালে ৪–৫ জন দুর্বৃত্ত বোরকা ও মাস্ক পরে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ইব্রাহিমের পরিবারের দাবি, জুলাই হত্যা মামলায় সাক্ষী হওয়ায় তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও এই হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
