You are currently viewing নির্বাচন সামনে রেখেও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল

নির্বাচন সামনে রেখেও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো দৃশ্যমান উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, খুব শিগগিরই এ সংকটের সমাধান হবে।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে সরকার এখনো কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের স্পষ্ট ব্যর্থতার প্রমাণ। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও কোনো উন্নতি দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তবে বিএনপি এই পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে বলে আশাবাদী বলেও জানান।

ক্রিকেট বোর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের মর্যাদা জড়িত। একজন বাংলাদেশি ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকেই অপমান করা। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ক্রিকেট সংক্রান্ত বিষয়ে বিসিবির অবস্থানের সঙ্গে বিএনপি একমত, যদিও ছোটখাটো সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

দেশের রাজনৈতিক ইতিহাস ও কাঠামো পুনর্গঠনে বিএনপির ভূমিকা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর, রাজনৈতিক সংস্কার, মুক্ত গণমাধ্যম এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় অতীতে বিএনপির অবদান রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা নদীসহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর পানিবণ্টন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রেখে ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে বলেও জানান তিনি। তার ভাষায়, দুই দেশের সম্পর্ক উন্নত হলে বিরূপ আচরণও কমে আসবে।

রাজনৈতিক সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, বিদেশে বসে যারা বড় বড় কথা বলেন, তাদের কাছে ফ্যাসিবাদ একটি তাত্ত্বিক বিষয় হলেও বিএনপির কাছে এটি বাস্তব অভিজ্ঞতা। বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে জানে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, উত্তরবঙ্গ তার পিতৃভূমি। পরিস্থিতি অনুকূলে এলে তিনি অবশ্যই সেখানে সফর করবেন।

Leave a Reply