You are currently viewing বিকল্প শ্রমবাজার খুঁজতে সরকারের পরিকল্পনা আছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

বিকল্প শ্রমবাজার খুঁজতে সরকারের পরিকল্পনা আছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা বিবেচনায় বিকল্প নতুন শ্রমবাজার খুঁজতে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন। এ সময় বিদেশে বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনভিত্তিক দেশভিত্তিক স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের নতুন দেশ—যেমন সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ায় শ্রমবাজার সম্প্রসারণে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফরের ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি থাইল্যান্ডে শ্রমবাজার চালুর লক্ষ্যে কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তি এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে কাজ চলছে। বিদেশে বাংলাদেশ মিশনের সুপারিশে প্রয়োজন অনুযায়ী স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, নতুন শ্রমবাজার অনুসন্ধান ও পেশাভিত্তিক চাহিদা নিরূপণে বাংলাদেশ দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। জাপানে বাংলাদেশি কর্মীদের উচ্চ চাহিদা থাকায় সেখানে কর্মী পাঠাতে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের পরিধি বাড়ানো হয়েছে।

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসূফ আহমেদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টা ৮-১১ তারিখ মালয়েশিয়া সফর করেছেন, যা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে কর্মী পাঠানোর পথ সহজ করবে।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ শিক্ষক রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আগামী ১ জুলাই শুরু হতে যাওয়া পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাকি শিক্ষকদেরও প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলামের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মসূচির ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচির অগ্রগতির পাশাপাশি নতুন উদ্যোগও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী—এই পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হবে। এছাড়া সারা দেশে উন্মুক্ত খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং উপজেলায় ১০ বিঘা জমিতে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, হাইটেক ও সফটওয়্যার পার্ক পরিচালনা জোরদার এবং দেশে পেপ্যাল কার্যক্রম চালুর লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply