প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তা জোরদার করতে বর্তমান সরকার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ নীতিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। পর্যায়ক্রমে দেশের প্রায় চার কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আজ বুধবার সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের শুরুতেই সংসদ নেতা হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে গত ১০ মার্চ দেশের ১০টি জেলা ও ৩টি সিটি করপোরেশনের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের প্রায় চার কোটি প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে পর্যায়ক্রমে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) এলাকার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে দ্রুত সময়ের মধ্যে তাঁদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
