You are currently viewing আগামী দুই মাস জ্বালানি সংকট হবে না: মনির হোসেন চৌধুরী

আগামী দুই মাস জ্বালানি সংকট হবে না: মনির হোসেন চৌধুরী

আগামী দুই মাসে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।

তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন ডিজেল, ৩১ হাজার ৮২১ মেট্রিক টন অকটেন, ১৮ হাজার ২১১ মেট্রিক টন পেট্রোল এবং ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে। এ কারণে আগামী দুই মাস জ্বালানি নিয়ে কোনো সমস্যা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

জ্বালানি বিভাগের মুখপাত্র আরও বলেন, প্রতি মাসেই জ্বালানির দাম সমন্বয় করা হয় এবং এপ্রিল মাসেও তা করা হয়েছে। আগামী মাসের মূল্য পরিস্থিতি সময় ও বাজার বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, পেট্রোল পাম্পে অতিরিক্ত ভিড়ের সমস্যা মূলত ঢাকায় দেখা গেলেও দেশের অন্যান্য এলাকায় এমন পরিস্থিতি নেই। প্যানিক বায়িংয়ের কোনো প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন। একই পরিমাণ জ্বালানি গত বছরের মতোই এবারও সরবরাহ করা হচ্ছে, ফলে সরবরাহে কোনো ঘাটতি নেই।

শিল্প খাতে ডিজেল সরবরাহেও কোনো ঘাটতি নেই বলে জানান তিনি। চাহিদা অনুযায়ী তালিকা ধরে নিয়মিত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বেসরকারিভাবে ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মার্চ ও এপ্রিল মাসে ক্রুড অয়েল আমদানি করা সম্ভব হয়নি। তবে এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে সৌদি আরব থেকে ভিন্ন রুটে ক্রুড অয়েল দেশে আসবে। ইস্টার্ন রিফাইনারিতে বছরে ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি পরিশোধন করা হয়, যা দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ।

Leave a Reply