নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন তিনি দুই জেলার পাঁচটি পৃথক স্থানে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
কর্মসূচি অনুযায়ী, সোমবার সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। পরে সকাল ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মাঠে ১১ দলীয় ঐক্যের জনসভায় যোগ দেবেন তিনি। বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগড়ার পদুয়ায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।
এরপর দুপুর ২টায় সীতাকুণ্ডে আয়োজিত জনসভায় এবং বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সমাবেশে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দলের রাজনৈতিক পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরবেন ডা. শফিকুর রহমান।
