ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হচ্ছে। শুরুতে সংসদের সভাপতি পদ শূন্য রেখেই অধিবেশন পরিচালিত হবে। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতির নাম প্রস্তাব করলে তা চূড়ান্ত করা হবে।
সভাপতির সভাপতিত্বেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া নির্ধারণ করা হবে। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অধিবেশনের শুরুতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হবে। এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন। তার এই ভাষণের মধ্য দিয়েই প্রথম দিনের অধিবেশন শেষ হবে। আজকের অধিবেশনের পর আগামী ১৫ মার্চ আবার সংসদ বসবে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যেই সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার বিধান রয়েছে।
সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রচলন রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই এই দুই পদে নির্বাচিত হন।
এদিকে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীর জন্য প্রস্তাব করেছিল বিএনপি। তবে আপাতত সেই প্রস্তাব নাকচ করেছে দলটি। তাদের মতে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা হওয়ার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
