স্বাধীনতা সংগ্রামের মহান মাস মার্চ শুরু
শুরু হলো অগ্নিঝরা মার্চ, বাঙালির স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক মাস। ১৯৭১ সালের এই মাসেই আনুষ্ঠানিকভাবে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়, যা শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের জন্ম দেয়। পরাধীনতার শৃঙ্খল ভেঙে অধিকার প্রতিষ্ঠার সূচনা হওয়ায় মার্চ মাসের তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ।
২০২৬ সালের পহেলা মার্চ শুরু হলেও এবারের উদযাপন এসেছে খানিকটা ভিন্ন প্রেক্ষাপটে। গতবার মুক্ত ও স্বাধীন পরিবেশে মার্চ উদযাপন হলেও এবার সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে দেশ স্বাধীনতার মাস স্মরণ করছে। মাসের প্রথম দিন থেকেই শুরু হবে সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে রমজান উপলক্ষে এবারের কর্মসূচি কিছুটা সীমিত থাকবে।
১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ঢাকার পল্টন ও গুলিস্তান এলাকায় ব্যাপক বিক্ষোভের মাধ্যমে স্বাধীনতা আন্দোলন তীব্র হয়। ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাঙালির ওপর হামলা চালায়। এরপর চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে ২৬–২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়।
এর মাধ্যমে ২৩ বছরের রাজনৈতিক আন্দোলনের চূড়ান্ত পর্বে মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
