ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশজুড়ে শুরু হওয়া সহিংসতা, প্রতিহিংসা ও দখলদারিত্বের রাজনীতির তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এই বক্তব্য গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও দখলদারিত্ব চালানো হচ্ছে, যা গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি। ক্ষমতার উল্লাসে ভিন্ন মত ও প্রতিদ্বন্দ্বী শক্তির ওপর হামলা চালিয়ে তারা প্রমাণ করছে, তাদের লক্ষ্য গণতান্ত্রিক সহাবস্থান নয় বরং ভয়ের পরিবেশ সৃষ্টি করা।”
তিনি আরও বলেন, এগারো দলীয় জোটের নেতাকর্মী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হয়েছে, এতে বহু মানুষ আহত হয়েছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সংগঠিত রাজনৈতিক আধিপত্য কায়েমের চেষ্টা। নাহিদ ইসলাম সতর্ক করেছেন, নির্বাচনের পর সন্ত্রাস ও মাঠ দখলের রাজনীতি সফল হবে না।
প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সব সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে, জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের নীরবতা বা পক্ষপাত এই সংকটকে আরও বাড়িয়ে দেবে।”
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশ আর ভীত-সন্ত্রস্ত নয়। নতুন করে সন্ত্রাস বা দখলদারিত্ব কায়েমের চেষ্টা হলে ছাত্র-জনতা ও সচেতন নাগরিক সমাজ গণতান্ত্রিকভাবে তার কঠোর জবাব দেবে।” তিনি সহিংসতা বন্ধ করে আইনের শাসন এবং জনগণের আস্থা ও অংশগ্রহণের ওপর ভিত্তি করে গণতন্ত্র গড়ে তোলার আহ্বান জানান।
