প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসতে পারেন। সোমবার রাতে যশোর জেলা বিএনপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টেও একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘সুসংবাদ!! মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। (সম্ভাব্য তারিখ—২৭ এপ্রিল ২০২৬)।’
মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানান, সফরকালে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম যশোর সফর।
যশোর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের ঈদগাহ ময়দানে বড় জনসভার প্রস্তুতি চলছে। সফরে তিনি বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন।
উল্লেখ্য, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও গত ১৫ বছরেও হাসপাতাল চালু হয়নি। বর্তমানে শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণের জন্য প্রায় পাঁচ কিলোমিটার দূরের যশোর জেনারেল হাসপাতালে যেতে হয়। মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে।
অন্যদিকে বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রায় ৫০ বছর আগে, ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই খাল খননের কাজ শুরু করেছিলেন। ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত এই খালটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে গেছে।
