উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে।
সিঙ্গাপুরে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হবে। যাত্রাকালে তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর ইকবাল। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে বিদেশে নেওয়া হচ্ছে, তবে এখনো আশঙ্কামুক্ত বলা সম্ভব নয়। এই তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
ডা. রফিকুল ইসলাম আরও জানান, প্রাথমিক পর্যায়ের চিকিৎসা মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে দেয়া হয়েছে। সিঙ্গাপুরে তার আরও উন্নত চিকিৎসা সম্ভব হবে। এর আগে গত শুক্রবার মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানায় মেডিকেল বোর্ড।
মির্জা আব্বাস গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়ার কথা থাকলেও, শারীরিক অবস্থার অবনতির কারণে দেশে অস্ত্রোপচার করা হয়।
