You are currently viewing কনসার্ট বিতর্কের জেরে তারা–বীরের বিচ্ছেদ গুঞ্জন তুঙ্গে

কনসার্ট বিতর্কের জেরে তারা–বীরের বিচ্ছেদ গুঞ্জন তুঙ্গে

কয়েক মাসের প্রেমের সম্পর্কের পর বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা বীর পাহাড়িয়া আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন—এমন গুঞ্জনই এখন বলিপাড়ায়। বহুল আলোচিত এপি ঢিল্লোঁর মুম্বাই কনসার্টকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের কয়েক দিনের মধ্যেই এই বিচ্ছেদের খবর সামনে আসায় বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়, কনসার্টকে কেন্দ্র করে বিতর্ক ছড়ানোর পরপরই এই তারকা জুটির সম্পর্ক ভেঙে যাওয়ার জল্পনা জোরালো হয়। যদিও তারা সুতারিয়া বা বীর পাহাড়িয়া—কেউই এখনো পর্যন্ত বিচ্ছেদের কারণ বা সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

উল্লেখ্য, এর আগে এপি ঢিল্লোঁর মুম্বাই কনসার্টে একটি ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা ও সমালোচনার জন্ম দেয়। ভিডিওটিতে মঞ্চে গায়কের সঙ্গে তারার ঘনিষ্ঠ মুহূর্ত দেখে বীর পাহাড়িয়ার প্রতিক্রিয়াকে দর্শকদের একাংশ অস্বস্তিকর হিসেবে ব্যাখ্যা করলে বিতর্ক আরও তীব্র হয়। তখন এসব জল্পনার জবাবে তারা সুতারিয়া ইনস্টাগ্রামে দাবিগুলোকে ‘ভুল গল্প’ আখ্যা দিয়ে ভালোবাসা ও সত্যের জয় হওয়ার কথাও বলেন। বীর পাহাড়িয়াও দাবি করেছিলেন, ভাইরাল ভিডিওটি সম্পাদনার মাধ্যমে বিকৃত করা হয়েছে।

এই জুটি বরাবরই একে অপরের প্রতি প্রকাশ্য সমর্থনের জন্য পরিচিত ছিলেন। ২০২৫ সালের শুরুতে একাধিক ব্যক্তিগত অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে একটি ফ্যাশন ইভেন্টে একসঙ্গে শো-স্টপার হিসেবে হাজির হওয়া এবং জনসমক্ষে গণেশ চতুর্থী উদযাপনের মাধ্যমে তারা কার্যত নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন।

মাত্র কয়েক সপ্তাহ আগেও ভিন্ন একটি কারণে শিরোনামে এসেছিলেন তারা ও বীর। তখন কনসার্ট বিতর্ক ঘিরে সব আলোচনা উড়িয়ে দিয়ে প্রকাশ্যে একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন তারা। তবে সাম্প্রতিক বিচ্ছেদের গুঞ্জনে সেই ঘটনাগুলো নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবু কনসার্ট বিতর্কের পর তাদের বিচ্ছেদের খবর বলিপাড়ায় ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

Leave a Reply